রাসিক প্রশাসক দৌড়ে এগিয়ে মামুন, তৃণমূলের সমর্থনে জোরালো সম্ভাবনা
প্রকাশঃ
দেশের সিটি করপোরেশনগুলোতে প্রশাসক নিয়োগ প্রক্রিয়া চলমান থাকলেও এখনো কয়েকটি সিটিতে প্রশাসক ঘোষণা হয়নি। এর মধ্যে রয়েছে রাজশাহী সিটি করপোরেশন।
রাজশাহীতে প্রশাসক পদকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা জোরালো হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের তালিকায় এগিয়ে রয়েছেন মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুন।
দলীয় সূত্র বলছে, ছাত্র ও যুবরাজনীতি থেকে শুরু করে দীর্ঘ সাংগঠনিক অভিজ্ঞতার মাধ্যমে তিনি নগর বিএনপিকে সুসংগঠিত করতে ভূমিকা রেখেছেন। মহানগর যুবদলের নেতৃত্বে থাকা থেকে শুরু করে সাংগঠনিক সম্পাদক, যুগ্ম সম্পাদক ও সদস্যসচিবের দায়িত্ব পালন শেষে বর্তমানে সভাপতির দায়িত্বে রয়েছেন তিনি।
দলীয় নেতাকর্মীদের দাবি, কঠিন সময়ে মাঠে সক্রিয় ভূমিকা, আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব এবং তৃণমূলের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ—এসব কারণে প্রশাসনিক দায়িত্ব পালনে মামুনকে উপযুক্ত মনে করা হচ্ছে। তার বিরুদ্ধে একাধিক মামলা ও কারাবাসের অভিজ্ঞতাও রাজনৈতিক জীবনে ত্যাগের উদাহরণ হিসেবে তুলে ধরা হচ্ছে।
এ বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতা মামুন অর রশিদ মামুন বলেছেন, দলের নীতিনির্ধারণী মহল যোগ্য মনে করলে তিনি দায়িত্ব পালনে আগ্রহী।
দলীয় মহলে ধারণা করা হচ্ছে, শীর্ষ নেতৃত্বের আস্থা এবং রাজনৈতিক গ্রহণযোগ্যতার বিষয়টি বিবেচনায় নেওয়া হবে। সংশ্লিষ্টদের মতে, দলীয় প্রধান তারেক রহমান প্রশাসক নিয়োগের ক্ষেত্রে সাংগঠনিক দক্ষতা ও গ্রহণযোগ্যতাকে গুরুত্ব দিতে পারেন।
সব মিলিয়ে রাজশাহী সিটিতে প্রশাসক পদে মামুন অর রশিদ মামুনের নাম এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। তবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে দলীয় ঘোষণার।
রাষ্ট্রবার্তা, রাজশাহী।
একটি মন্তব্য পোস্ট করুন