রেডার উদ্যোগে ৩০ হাজার গাছের চারা বিতরণ, গ্রিন সিটির গৌরব ধরে রাখার আহ্বান ভূমিমন্ত্রীর
পরিবেশের ভারসাম্য রক্ষায় রাজশাহী নগরীকে আরও সবুজ করার আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী ও রাজশাহী সদর আসনের সংসদ সদস্য মো. মিজানুর রহমান মিনু। তিনি বলেন, দীর্ঘ দুই থেকে তিন দশকের ধারাবাহিক প্রচেষ্টায় রাজশাহী যে সবুজায়নের সাফল্য অর্জন করেছে, তা ধরে রাখতে হবে। এ সাফল্যের মূল কৃতিত্ব রাজশাহী জেলা ও মহানগরের সর্বস্তরের মানুষের।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কার্যালয়ে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার্স অ্যাসোসিয়েশন (রেডা)-এর সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করে আরএমপি, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) ও রাজশাহীর সাংবাদিকবৃন্দ।
ভূমিমন্ত্রী বলেন, মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে গত ১৭ বছরে রাজশাহী মহানগরী সারা বাংলাদেশে ১৪ বার প্রথম স্থান অর্জন করেছে। এর ধারাবাহিকতায় রাজশাহী ‘গ্রিন সিটি, ক্লিন সিটি ও হেলদি সিটি’ হিসেবে দেশ-বিদেশে পরিচিতি পেয়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষায়ও নগরীর অবস্থান সুদৃঢ় হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, বৃক্ষ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে অক্সিজেন সরবরাহের মাধ্যমে প্রাণিকুলের অস্তিত্ব টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই পরিবেশ সুরক্ষায় নিয়মিত বৃক্ষরোপণকে প্রত্যেকের দায়িত্ব হিসেবে গ্রহণ করতে হবে।
নগরীর সবুজায়নে আবাসন খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান, আরএমপি এবং আরডিএর ভূমিকার প্রশংসা করে তাঁদের ধন্যবাদ জানান ভূমিমন্ত্রী।
অনুষ্ঠানে রাজশাহীর সবুজায়ন ও পরিবেশ সুরক্ষায় রেডার উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়। সংগঠনটির সার্বিক সহযোগিতায় নগরীর বিভিন্ন স্থানে রোপণ ও বিতরণের জন্য আম, জাম, নিম, মেহগনি ও কড়াইসহ বিভিন্ন প্রজাতির ৩০ হাজার গাছের চারা বিতরণ করা হয়।
রেডার সাধারণ সম্পাদক ও আল আকসা ডেভেলপার্স প্রা. লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান কাজী বলেন, ‘আজ ৩০ হাজার গাছের চারা বিতরণ করা হলো। রাজশাহীর সবুজায়ন ও পরিবেশ সুরক্ষায় রেডার এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। আগামী বছর থেকে আরও বৃহৎ পরিসরে এ উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে।’
তিনি বলেন, পরিবেশ সুরক্ষা ও নগরীর সবুজায়নে আবাসন খাতের সঙ্গে সংশ্লিষ্টদের আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত করা হবে।
অনুষ্ঠানে রেডার সভাপতি তৌফিকুর রহমান লাভলুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবীর, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ সুইট এবং জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ এরশাদ আলী ঈশা।
এ ছাড়া অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, সুধীজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
