চার বছর আগে নিহত সানিসহ আসামি শ্রমিকনেতা পাখি
প্রকাশঃ
রাজশাহী মহানগরীতে দায়ের করা একটি বিস্ফোরক মামলাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, চার বছর আগে মৃত্যুবরণ করা এক কিশোরকে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষের ঘটনায় আসামি করা হয়েছে।
মামলার বাদী মহানগরীর সুলতানাবাদ এলাকার বাসিন্দা শাজাহান আলী। এজাহার অনুযায়ী, ১ নম্বর আসামি হিসেবে রফিকুল ইসলাম পাখি এবং ৩ নম্বর আসামি হিসেবে তার ছেলে সানির নাম উল্লেখ করা হয়েছে। অভিযোগে বলা হয়, সানি নিজেই বিস্ফোরণ ঘটান এবং ঘটনাস্থলে সক্রিয় ভূমিকা পালন করেন।
তবে অনুসন্ধানে উঠে এসেছে ভিন্ন চিত্র। অভিযুক্ত সানি চার বছর আগেই মৃত্যুবরণ করেছেন। ২০২২ সালের ৩ জুলাই রাতে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের সামনে থেকে তুলে নিয়ে গিয়ে তাকে কুপিয়ে হত্যা করা হয়। সে সময় সে এসএসসি পরীক্ষার্থী ছিল এবং তার মৃত্যু বিভিন্ন গণমাধ্যমে ব্যাপক আলোচিত হয়েছিল। পাখির ছেলে সানিকে হত্যার দায়ে ২০২৪ সালের ১২ মার্চ আদালত দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও সচেতন মহল নিরপেক্ষ ও গভীর তদন্তের দাবি জানিয়েছেন। তাদের মতে, প্রকৃত সত্য উদঘাটন করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং যাচাই-বাছাই করে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে।
রফিকুল ইসলাম পাখি রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও মহানগর শ্রমিক দলের আহ্বায়ক। তবে সম্প্রতি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকদের দ্বারা অবরুদ্ধের শিকার হন তিনি। গত ২২ এপ্রিল শ্রমিকেরা তাকে অবরুদ্ধ করে,সংগঠনের কার্যালয়ে তালা দিয়ে নিয়ন্ত্রণে নেয়।
এদিকে, পাখির গ্রেপ্তার ও পদত্যাগের দাবিতে সোমবার সকালে নগরের ভদ্রা মোড়ের স্মৃতি অম্লান চত্বরে মানববন্ধন করেন একদল শ্রমিক। এতে বিভিন্ন রুটে চলাচলকারী বাসের ড্রাইভার, সুপারভাইজার ও হেলপাররা অংশ নেন। তারা পাখির পদত্যাগ, তার গ্রেপ্তার এবং দ্রুত মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন দেওয়ার দাবি জানান। মানববন্ধনে মো. শামীম, মো. স্বপন, মো. নাজমুল, মো. লিটন, আজমত আলী, জাহাঙ্গীর আলম, সাজ্জাদ হোসেন ও মো. শিমুলসহ অনেকে উপস্থিত ছিলেন। তবে সেখানে মামলার বাদী শাহজাহান আলীকে দেখা যায়নি।
শাহজাহানের দায়ের করা মামলায় নিজাম উদ্দিন নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তিনি নগরের ১৯ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক। তাকে গ্রেপ্তারের প্রতিবাদে সোমবার দুপুরে সাহেববাজার জিরোপয়েন্টে মানববন্ধন করেন যুবদলের নেতাকর্মীরা। এতে মহানগর স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক সৈকত পারভেজ, চন্দ্রিমা থানা ছাত্রদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ তপন, নগর যুবদলের সদস্য মানিক হোসেনসহ অনেকে বক্তব্য রাখেন। এছাড়া নিজামের স্ত্রী সুমি খাতুনও উপস্থিত ছিলেন। তারা নিজামকে নির্দোষ দাবি করে তার মুক্তি এবং সংশ্লিষ্ট থানার ওসির প্রত্যাহারের দাবি জানান।
একটি মন্তব্য পোস্ট করুন