সর্বশেষ
খবর লোড হচ্ছে...

রাজশাহী মহানগর জাতীয় পার্টিতে নতুন নেতৃত্ব, ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি

 


দীর্ঘ সময় সাংগঠনিক কমিটি না থাকার পর অবশেষে রাজশাহী মহানগর জাতীয় পার্টিতে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৫১ সদস্যের এ কমিটি ঘোষণার বিষয়টি জানানো হয়।

নতুন কমিটিতে মো. সালাউদ্দিন মিন্টুকে আহ্বায়ক এবং সাজিদ রওশন ঈশানকে সদস্য সচিব করা হয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের অনুমোদন এবং প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী বিভাগীয় সাংগঠনিক কমিটির আহ্বায়ক আলহাজ এমরান হোসেন মিয়ার সুপারিশের ভিত্তিতে কমিটিটি অনুমোদন দেওয়া হয়েছে।

কমিটি ঘোষণার পর নবনিযুক্ত আহ্বায়ক সালাউদ্দিন মিন্টু বলেন, হুসেইন মুহম্মদ এরশাদের আদর্শের রাজনীতির সঙ্গে তাঁরা দীর্ঘদিন ধরে যুক্ত। দেশের বর্তমান পরিস্থিতিতে মানুষের কল্যাণে জাতীয় পার্টি কার্যকর ভূমিকা রাখতে পারে বলেও তিনি মনে করেন।

তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জনজীবনের নানা সমস্যা মোকাবিলায় সংগঠনকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হবে। পল্লীবন্ধু এরশাদের আদর্শকে সামনে রেখে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের নেতৃত্বে দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

নবগঠিত কমিটির সদস্য সচিব সাজিদ রওশন ঈশান বলেন, দীর্ঘদিন ধরে রাজশাহী মহানগরে জাতীয় পার্টির পূর্ণাঙ্গ সাংগঠনিক কার্যক্রম ছিল না। নতুন কমিটির মাধ্যমে সংগঠনকে পুনর্গঠন করে নেতাকর্মীদের আরও সক্রিয় করার উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, দলীয় কার্যালয়ের কার্যক্রম নিয়মিত করা, নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় বাড়ানো এবং সাংগঠনিক কর্মসূচি জোরদারের দিকে গুরুত্ব দেওয়া হবে।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জাতীয় পার্টির অবস্থান প্রসঙ্গে সাজিদ রওশন ঈশান বলেন, দেশের স্বার্থে তাঁরা ইতিবাচক ভূমিকা রাখতে চান। জাতীয় পার্টি একটি বৃহৎ রাজনৈতিক দল হিসেবে বর্তমান পরিস্থিতিতে দায়িত্বশীলভাবে ভূমিকা রাখার চেষ্টা করবে।

নবগঠিত কমিটির নেতাদের ভাষ্য, দীর্ঘদিনের সাংগঠনিক স্থবিরতা দূর করে রাজশাহী মহানগরে জাতীয় পার্টির কার্যক্রমকে গতিশীল করাই তাঁদের প্রধান লক্ষ্য। একই সঙ্গে নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও সমন্বয় বাড়িয়ে নিয়মিত রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার উদ্যোগ নেওয়া হবে।