রাজশাহীতে আরএমপির মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় পুলিশ লাইন্সের ড্রিল শেডে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন আরএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।
সভায় পুলিশ সদস্যদের বিভিন্ন আবেদন, ব্যক্তিগত ও পেশাগত সমস্যা এবং কল্যাণসংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়। উপস্থিত পুলিশ সদস্যরা তাদের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনের কথা তুলে ধরেন। পরে এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়।
সভায় পুলিশ সদস্যদের জন্য স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি সদস্যদের শারীরিক ও মানসিক সুস্থতার বিষয়টি বিবেচনায় নিয়ে বিভিন্ন থানা ও ইউনিটে প্রয়োজনীয় খেলাধুলার সামগ্রী সরবরাহের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।
পুলিশ কমিশনার বলেন, দায়িত্ব পালনের পাশাপাশি পুলিশ সদস্যদের কল্যাণ ও সুস্থতার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন। সদস্যদের কর্মপরিবেশ, মনোবল ও কর্মদক্ষতা উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।
সভা শেষে অবসরজনিত সংবর্ধনা হিসেবে একজন পুলিশ পরিদর্শক, তিনজন কনস্টেবল ও একজন এমএলএসএসকে সম্মাননা ও ক্রেস্ট দেওয়া হয়। দীর্ঘদিনের দায়িত্বশীল ও নিষ্ঠাপূর্ণ সেবার জন্য অবসরপ্রাপ্তদের প্রতি কৃতজ্ঞতা ও শুভকামনা জানানো হয়।
