ডেঙ্গু প্রতিরোধে বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপির পরিচ্ছন্নতা কর্মসূচি
রাজশাহী প্রতিনিধি: ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজশাহীতে পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর বোয়ালিয়া থানা (পূর্ব) শাখা।
‘জনসচেতনতাই হোক ডেঙ্গু প্রতিরোধের প্রধান হাতিয়ার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মাধ্যমে পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা এবং ডেঙ্গুর বিস্তার রোধে সাধারণ মানুষকে সচেতন করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক সৈকত পারভেজ বলেন, “ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। শুধু নিজের ঘরবাড়ি পরিষ্কার রাখলেই হবে না, আশপাশের পরিবেশও পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও যেন পানি জমে মশার বংশবিস্তার না ঘটে, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। ডেঙ্গুমুক্ত সমাজ গড়তে দল-মত নির্বিশেষে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।”
তিনি আরও বলেন, “জনস্বার্থে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে এবং নিজের পরিবার ও প্রতিবেশীদেরও সচেতন করতে হবে।”
কর্মসূচিতে ডেঙ্গুর ঝুঁকি কমাতে বাড়ির আঙিনা, ছাদ, নালা-নর্দমা ও আশপাশের জমে থাকা পানি পরিষ্কার রাখার গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি মশার বংশবিস্তার রোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
আয়োজকদের মতে, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা এবং জনসচেতনতা বৃদ্ধি করা গেলে ডেঙ্গুর বিস্তার রোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব। তাই সুস্থ জীবন ও ডেঙ্গুমুক্ত সমাজ গড়তে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
