সর্বশেষ
খবর লোড হচ্ছে...

রাজশাহীর তিন প্রবেশপথে হবে আধুনিক গেট, জানালেন আরডিএ চেয়ারম্যান

 


রাজশাহী মহানগরীর তিনটি গুরুত্বপূর্ণ প্রবেশপথে নির্মাণ করা হবে আধুনিক ও দৃষ্টিনন্দন তিনটি গেট। প্রতিটি প্রবেশপথে রাজশাহীর আলাদা বৈশিষ্ট্য তুলে ধরে স্বাগত বার্তা থাকবে বলে জানিয়েছেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট।

পরিকল্পনা অনুযায়ী, নাটোর দিক থেকে রাজশাহীতে প্রবেশের পথে নির্মাণ করা গেটে লেখা থাকবে— ‘শিক্ষা মহানগরীতে স্বাগতম’।

নওগাঁ দিক থেকে নগরীতে প্রবেশের সময় দেখা যাবে— ‘শান্তির মহানগরীতে স্বাগতম’। আর চাঁপাইনবাবগঞ্জ দিক থেকে রাজশাহীতে প্রবেশের মুখে থাকবে— ‘সবুজ মহানগরীতে স্বাগতম’।

আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট জানান, রাজশাহীর প্রবেশপথগুলোকে আধুনিক, দৃষ্টিনন্দন ও নগরীর পরিচয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে তুলতেই এই গেট নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি বলেন, প্রবেশপথের গেটগুলো শুধু সৌন্দর্যবর্ধন করবে না, বরং রাজশাহীর শিক্ষা, শান্তি ও সবুজ নগরীর স্বতন্ত্র পরিচয়ও তুলে ধরবে।

পরিকল্পনাটি বাস্তবায়ন হলে মহানগরীতে প্রবেশের সময়ই নগরীর বৈশিষ্ট্য ও পরিচিতি আগত মানুষের সামনে তুলে ধরা সম্ভব হবে।