বড়গাছি স্কুলে ফিরছে শৃঙ্খলা, নিরাপত্তায় নতুন উদ্যোগ
রাজশাহীর পবা উপজেলার বড়গাছি স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার পরিবেশ, নিরাপত্তা ও শৃঙ্খলা ফেরাতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিষ্ঠান কর্তৃপক্ষের দাবি, এসব উদ্যোগের ফলে বিদ্যালয় এলাকায় আগের তুলনায় শান্তিপূর্ণ পরিবেশ তৈরি হয়েছে।
প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা জানান, একসময় বিদ্যালয়ের সীমানাপ্রাচীর ঘেঁষে বহিরাগতদের আড্ডা, শিক্ষার্থীদের উত্ত্যক্ত করা ও ধূমপানের মতো অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডের অভিযোগ ছিল। বর্তমানে এসব ঠেকাতে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও প্রশাসনের সমন্বয়ে নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ ও পরামর্শ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিতে অভিযোগ বক্স স্থাপন করা হয়েছে। শিক্ষক-শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে আইডি কার্ডের ব্যবস্থাও করা হয়েছে।
শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে অনুপস্থিতির তথ্য পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রয়োজন হলে অনুপস্থিত শিক্ষার্থী ও তার অভিভাবকের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। শিক্ষক-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করতে প্রতিষ্ঠানে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার স্থাপন করা হয়েছে। শিক্ষার্থীদের জন্যও ফিঙ্গারপ্রিন্ট হাজিরা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
নিরাপত্তা আরও জোরদার করতে আগামী এক মাসের মধ্যে প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপনের পরিকল্পনা রয়েছে।
শিক্ষার মানোন্নয়নেও নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ। বৃত্তি পরীক্ষার জন্য মেধাবী শিক্ষার্থীদের বাছাই করে আলাদাভাবে পাঠদান করা হচ্ছে। শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও সামাজিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। এ ছাড়া গভর্নিং বডির সভাপতি কে এইচ রানা শেখের ব্যক্তিগত উদ্যোগে কলেজ শাখায় ১৫টি চেয়ার ও একটি পানির মোটর দেওয়া হয়েছে।
গভর্নিং বডির সভাপতি কে এইচ রানা শেখ বলেন, ‘শিক্ষার্থীদের নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশে লেখাপড়ার সুযোগ করে দেওয়া আমাদের দায়িত্ব। বড়গাছি স্কুল অ্যান্ড কলেজকে রাজশাহী বিভাগের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করতে আমরা কাজ করছি।’
পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদীন বলেন, শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় প্রশাসনের সমন্বিত ভূমিকা গুরুত্বপূর্ণ। নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি শিক্ষার মান নিশ্চিত করতে প্রশাসনের সহযোগিতা ও নজরদারি অব্যাহত থাকবে।
রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মো. শফিকুল হক মিলন বড়গাছি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার মান উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
অভিভাবকদের প্রত্যাশা, নিরাপত্তা ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে নেওয়া উদ্যোগগুলো নিয়মিতভাবে অব্যাহত থাকবে। পাশাপাশি শিক্ষার মানোন্নয়নেও আরও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
