সর্বশেষ
খবর লোড হচ্ছে...

ADB প্রতিনিধি দলের সঙ্গে রাজশাহীর উন্নয়ন নিয়ে আরডিএ চেয়ারম্যানের আলোচনা



রাজশাহীর সার্বিক উন্নয়ন ও নগর ব্যবস্থাপনা নিয়ে এশীয় উন্নয়ন ব্যাংক (ADB)-এর প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা করেছেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট।

রোববার (৪ অক্টোবর) দুপুর ২টায় রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) সভাকক্ষে এ আলোচনা অনুষ্ঠিত হয়। এতে আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইটের সভাপতিত্বে প্রতিষ্ঠানের বিভিন্ন শাখার প্রধানরা উপস্থিত ছিলেন।

আলোচনায় রাজশাহীর বিভিন্ন খাতে উন্নয়ন, নগর অবকাঠামো সম্প্রসারণ, নাগরিকদের জন্য নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করা এবং ভবিষ্যৎ নগর উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতবিনিময় করা হয়। এ সময় রাজশাহীর বিদ্যমান বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সেগুলোর টেকসই সমাধান এবং নগর উন্নয়নে সম্ভাব্য সহযোগিতার বিষয়েও আলোচনা হয়।

বৈঠকে রাজশাহীর পরিকল্পিত উন্নয়ন, নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং আধুনিক নগর ব্যবস্থাপনার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি নগরীর ভবিষ্যৎ চাহিদা বিবেচনায় নিয়ে সমন্বিত ও দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা গ্রহণের বিষয়েও আলোচনা হয়।

আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট বলেন, রাজশাহীকে সুন্দর ও নিরাপদ করতে আমরা সবসময় চেষ্টা করব। নগরীর উন্নয়নে প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণ করা হবে। নাগরিকদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং একটি পরিকল্পিত, নিরাপদ ও বাসযোগ্য রাজশাহী গড়ে তুলতে আমরা সংশ্লিষ্ট সবার সহযোগিতা নিয়ে কাজ করতে চাই।

তিনি আরও বলেন, রাজশাহীর উন্নয়নে সমন্বিত পরিকল্পনা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের সম্ভাব্য সহযোগিতাকেও কাজে লাগিয়ে নগরীর টেকসই উন্নয়ন নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হবে।

সভায় আরডিএর বিভিন্ন শাখার প্রধানরা নিজ নিজ বিভাগের কার্যক্রম, চলমান উন্নয়ন উদ্যোগ এবং রাজশাহীর নগর উন্নয়নের বিভিন্ন সম্ভাবনা ও চ্যালেঞ্জ তুলে ধরেন।

ADB প্রতিনিধি দলের সঙ্গে অনুষ্ঠিত এ মতবিনিময় রাজশাহীর ভবিষ্যৎ নগর উন্নয়ন পরিকল্পনা ও সম্ভাব্য উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।