রাজশাহীতে এবি পার্টির প্রার্থী সাঈদ নোমানের নির্বাচনী ব্যানার ছিড়ে ফেলার অভিযোগ।
নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা যখন দিনরাত চষে বেড়াচ্ছেন নিজ নিজ এলাকায়, ঠিক তখনই রাজশাহীতে ঘটলো চাঞ্চল্যকর একটি অভিযোগ।
রাজশাহী–২ (সদর) আসনে এবি পার্টি মনোনীত ‘ঈগল’ প্রতীকের প্রার্থী সাঈদ নোমানের নির্বাচনী ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে।
অভিযোগ করা হয়েছে, রাতের অন্ধকারে মতিহার এলাকায় তার একাধিক নির্বাচনী ব্যানার ভাঙচুর ও ছিঁড়ে ফেলা হয়েছে।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক ক্ষোভভরা পোস্টে সাঈদ নোমান লিখেছেন— (ফেসবুক পোস্ট)
“রাতের অন্ধকারে মতিহারে আমার ব্যানার ছিঁড়ে ফেলতে পারবে, আমার উপরে হামলা করার প্ল্যান করতে পারবে, কিন্তু মতিহারের মানুষের মন থেকে আমাকে সরাতে পারবে না! তোমরা ভুল রাজনীতি করছো, সামনের দিনে মতিহার থেকে তোমাদের রাজনীতি হারিয়ে যাবে।”
তিনি এ ঘটনাকে পরিকল্পিত রাজনৈতিক সন্ত্রাস আখ্যা দিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। সাঈদ নোমান বলেন, এ ধরনের কর্মকাণ্ড প্রমাণ করে সুষ্ঠু রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় যারা টিকতে পারছে না, তারাই ভীতি সৃষ্টি করে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে।
রাষ্ট্রবার্তাকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি দাবি করেন, জনগণের বিপুল সমর্থন দেখে একটি মহল আতঙ্কিত হয়ে এমন ন্যাক্কারজনক ঘটনার আশ্রয় নিয়েছে। তবে ভয়ভীতি বা সন্ত্রাস দিয়ে জনগণের রায় থামানো যাবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।
এদিকে, নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে রাজশাহীর বিভিন্ন এলাকায় প্রচার-প্রচারণা ঘিরে উত্তেজনা বাড়ছে। ভোটের আগে এমন ঘটনা নির্বাচনী পরিবেশ নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে স্থানীয়দের মধ্যে।
একটি মন্তব্য পোস্ট করুন